
আসানসোল, ৮ জানুয়ারি : ভিন্ রাজ্যের শ্রমিক এনে অবৈধ কয়লা খাদানে কাজ চলছিল বলে অভিযোগ। হঠাৎ সেই খাদানে ধস নেমে অন্তত ২৫ জন শ্রমিক আটকে থাকার আশঙ্কা আসানসোলে।
রবিবার সকালে কুলটি থানার বোডরা গ্রামে বিসিসিএলের ১২ নম্বর হাজলা পিটের বিস্তীর্ণ অংশে ধস নামে। স্থানীয়রা জানাচ্ছেন, ২০ থেকে ২৫ জন চাপা পড়তে পারেন ওই অবৈধ খনিতে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কত জন খনির ভিতরে আটকে রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ ওই খনিতে কয়লা চুরি করতে নামার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিসিসিএল খনি কর্তৃপক্ষ। অন্য দিকে, গ্রামবাসীরাও নির্দিষ্ট করে কিছু বলতে চাইছেন না। তাঁদের শুধু অভিযোগ, রবিবার ভোরে কয়লা খনিতে কয়লা চুরি করতে নামেন কয়েক জন। সেই সময় আচমকা খনিতে ধস নামে। তাতে পড়ে চাপা পড়েন কয়েক জন।
