West Bengal

3 years ago

Adhir Ranjan Chowdhury on dharna: সাগরদিঘিতে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার, বিডিও অফিসের সামনে ধরনায় অধীর

Adhir Chowdhury
Adhir Chowdhury

 

মুর্শিদাবাদ, ১৩ এপ্রিল  : বৃহস্পতিবার সাগরদিঘির বিডিও অফিসের সামনে ধরনায় বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও তাঁর অনুগামীরা। উপনির্বাচনে তৃণমূলের হারের পরই সাগরদিঘিতে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার! বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এই ঘটনা ঘটছে বলে অভিযোগ কংগ্রেসের। আর এই অভিযোগ তুলেই এই ধরনায় বসেন অধীরবাবু। সেখানে কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসেরও আসার কথা। তাঁদের দাবি, ভোটে জিততে না পেরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দিয়েছে তৃণমূল সরকার। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

গত ২ মার্চ সাগরদিঘী উপনির্বাচনে জয়ী হন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। কংগ্রেসের অভিযোগ, জয়ের পর থেকে রাজ্য সরকারের বিভিন্ন অনুদান বন্ধ হয়ে গিয়েছে সাগরদিঘিতে। কংগ্রেসের গুরুতর অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন উন্নয়ন থেকে সাগরদিঘি বিধানসভার সাধারণ মানুষকে বঞ্চিত করছে রাজ্য সরকার। এর প্ৰতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন করেছেন অধীর চৌধুরী-সহ তাঁর অনুগামীরা।

কংগ্রেসের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। সাগরদিঘির ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “কংগ্রেসের আন্দোলন যুক্তিহীন। ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অনেকে পেয়ে গিয়েছেন। যাদের বাকি রয়েছে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে।” তৃণমূলের দেবাশিসবাবুর সংযোজন, “কংগ্রেস যদি আন্দোলন করে তবে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে করুন। একশো দিনের কাজ, আবাস যোজনরা টাকা চেয়ে করুক। কিন্তু কংগ্রেস সেই আন্দোলন করবে না। কারণ সাগরদিঘিতে কংগ্রেসের সঙ্গে বিজেপির আঁতাত হয়েছিল।”

You might also like!