
কোলাঘাট, ৮ মার্চ : গ্রামের ভিতরে পুলিশের চোখের আড়ালে বেআইনিভাবে জ্বালানি তেলের ব্যবসা চলছিল। আর সেই তেলের গোডাউনে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় গুরুতর আহত এক কর্মী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের নোনাচক গ্রামে। একটি বেআইনি পেট্রল ডিজেলের গোডাউনে আগুন লাগে। আগুনের তীব্রতা যথেষ্ট ছিল। প্রাথমিক অনুমান সিগারেটের আগুন থেকে আগুন লাগে গোডাউনে। এই ঘটনায় একজন জখম হয়। বেশ কিছু অংশ পুড়ে যায়। ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন ও কোলাঘাট থানার পুলিশ যায় ।
ঘটনাস্থলে যান তমলুকের এসডিপিও সাকিব আহমেদ। আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রনে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের ভিতরে একটি বাড়ির সামনেই সুকদেব প্রামানিকের অবৈধ তেল-র ব্যবসা ছিল। আর সেই তেলের গোডাউনে সকালে প্রায় ১২ খানা চোরাই পেট্রোল-ডিজেলের ড্রাম আসে বলে স্থানীয় সূত্রে খবর। সেখানে কাজ করছিল এক যুবক। তখনই কোন কারণে আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো গোডাউন ও একটি মোটর সাইকেল। তাকে স্থানীয় কোলাঘাট হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ গোটা বিষয় তদন্ত করে দেখছে।
