
দুর্গাপুর, ২৭ জুন : দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন ছাত্র। মঙ্গলবার বিকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর ব্যারেজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশী শুরু করল বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। প্রশ্ন উঠেছে ব্যারেজের নজরদারিতে।
ঘটনায় জানা গেছে, তলিয়ে যাওয়া তিন ছাত্রের নাম সৌম্যজিত সাহা, শুভজিত নস্কর, ভিকে শীল।দুর্গাপুরের এমএএমসি টাউনশিপ এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ ৮ জন বন্ধু মিলে দামোদরে স্নান করতে গিয়েছিল। বাঁকুড়ার দিকে থাকা একটি হোটেলের সামনে দিয়ে দামোদর নদে আসে তারা। সেখানে জলে স্নান করতে নেমে তলিয়ে যায় একজন। তাকে বাঁচাতে গিয়ে জলে তলিয়ে যায় বাকি আরও দুই বন্ধু। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। তলিয়ে যাওয়া তিন ছাত্রের খোঁজে তল্লাশী শুরু করে। এদিন, সন্ধ্যা পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। এদিকে দামোদর ব্যারেজে নজরদারি নিয়ে উঠেছে প্রশ্ন।
প্রসঙ্গত, গত ২০২২ সালের ২৭ অক্টোবর দুর্গাপুর ব্যারাজে স্নান করতে গিয়ে তলিয়ে যায় দুর্গাপুর বেনাচিতির বাসিন্দা মধু শর্মা নামে এক যুবক। বন্ধুদের সঙ্গে ব্যরাজে স্নান করতে নেমেছিল। মধু একটু গভীর জলে চলে যাওয়ায় তলিয়ে যায়। খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এবং স্থানীয় জেলেদের নিয়ে তল্লাশি শুরু করে। কিন্তু বিকাল পর্যন্ত মধুর কোনও হদিশ পাওয়া যায় নি। এদিকে পরদিন তার মৃতদেহ উদ্ধার হয়। তার কয়েকদিন আগে চার বন্ধু মিলে দুর্গাপুর ব্যারেজে স্নান করতে গিয়ে তলিয়ে যায় আফজল খান নামে এক কিশোর। তারও আগে ওই বছরই ১০ সেপ্টম্বর দামোদরে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হয় ইঞ্জিনিয়ারিং ছাত্রের। মৃতের নাম শুভম সান্তম রাজু (২২) তেলেঙ্গানায় বাড়ি। দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) বি টেক তৃতীয় বর্ষের ছাত্র। তারও আগে ছট পুজোর পুণ্যস্নানে নেমে দামোদর নদের জলে তলিয়ে মৃত্যু হয় এক কিশোরীর। মৃতার নাম সোনি তাঁতি (১৭)। তাঁর বাড়ি দুর্গাপুর ডিভিসি মোড় এলাকায়। পর পর তলিয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যারেজের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এদিনের ঘটনার পর পুলিশ আরও সক্রিয় হয়ে হয়েছে।
