কলকাতা, ২২ জানুয়ারি: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তৃণমূল নেতা অজিত মাইতির নাম জড়িয়ে রবিবারই বিস্ফোরক দাবি করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের । তাঁর দাবি, জেলাপরিষদে নিয়োগের নাম করে বহু লোকের থেকে টাকা নিয়েছেন অজিত মাইতি। পালটা জবাব দিলেন তৃণমূল নেতা অজিত মাইতি । তিনি বলেন, “আমাদের টাকা খুঁজে বের করতে পারছেন না। তাই এসব বলছেন।
রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় চা চক্রে অংশ নেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল নেতা অজিত মাইতির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করে দিলীপ বলেন, জেলা পরিষদে চাকরি দেওয়ার নামে বহু লোকের থেকে টাকা নিয়েছেন অজিত মাইতি। তাঁর সাবধানবাণী, “ও বড় বড় কথা যেন না বলে। সব তথ্য আমার কাছে আছে। একদিন বেরবে।”
দিলীপ ঘোষের বিস্ফোরক অভিযোগে স্বভাবতই ক্ষুব্ধ তৃণমূল নেতা অজিত মাইতি। পালটা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, “আমাদের টাকা খুঁজে বের করতে পারছেন না। তাই এসব বলছেন। এখানে সবাই জানে দিলীপ ঘোষ পাগলের প্রলাপ বলছেন। দিলীপ ঘোষ কোনও নিয়ম জানেন না। কোনওরকমে সাংসদ হয়ে গিয়েছেন। জেলা পরিষদে চাকরি দেওয়ার এক্তিয়ার আমার নেই। যার নাম একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত। সে আবার এত কথা বলছে? আমি বিজেপির মতো নই। তাই বলব না, সিআইডি দিয়ে ধরে নেবো। সাধারণ মানুষ জবাব দেবে।”
