
কলকাতা, ২৭ জুন: হৃদরোগে প্রয়াত কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রীর। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বাণী ভদ্রের।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বাণীদেবী। সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার আগে তাঁর হাঁটুর প্রতিস্থাপন করা হয়। নিয়োগ দুর্নীতি মামলায় স্বামীর গ্রেফতারির পরই আরও অসুস্থ হয়ে পড়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বাণী ভদ্র। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপরে চিকিৎসকদের দ্বারস্থ হয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু, শেষরক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
স্ত্রীর মৃত্যুতে প্যারোলে বাড়িতে ফিরতে পারেন সুজয়কৃষ্ণ। যদিও তাঁর আইনজীবীর দাবি, এখনও পর্যন্ত সেরকম কিছু প্রসেস হয়নি।প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুজয়কৃষ্ণ ভদ্র। তদন্তকারীদের দাবি, এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে এই সুজয়কৃষ্ণের। ২৮ জুন অবধি তাঁর জেল হেফাজত হয়েছে। প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন তিনি। আদালত অনুমতি দিয়েছে, তাঁকে জেলে গিয়ে জেরা করা যাবে। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে আদালত বলেছিল, জেলের ভিতরে সুজয়ের গতিবিধি সিসিটিভির আওতায় রাখতে হবে। সেই ফুটেজ সংরক্ষণ করতে হবে। একইসঙ্গে জেলে তাঁর সঙ্গে কারা দেখা করতে আসছে সেই ফুটেজও সংরক্ষণ করার কথা বলা হয়।
