
কলকাতা, ২৭ সেপ্টেম্বরঃ এই শরতেও বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে। তবে গতকাল থেকে আবহাওয়া কিছুটা বদলেছে, বৃষ্টির ফলে শহরের রাস্তায় ট্রাফিকের গতি যে কিছুটা স্লথ হত তা হবে না। বহু মানুষজন এ শহর কলকাতায় আসেন নানা প্রান্ত থেকে। কেউ আসেন রোজগারের তাগিদে, কেউ বা আসেন চিকিৎসা করাতে আবার কেউ বা আসে ভ্রমণের জন্যে।যারা রোজগারের তাগিদ এই শহরে আসেন তাঁদের নানা সময়ই মহানগরীর রাজনৈতিক মিছিল বা কোনো জন সমাবেশের কবলে পড়তে হয়। তবে আজ ঠিক কেমন থাকবে কলকাতার ট্রাফিকের হালচাল?
লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, আজ সকাল থেকে এখনও পর্যন্ত কলকাতার যান চলাচল মোটের ওপর স্বাভাবিকই রয়েছে। কোথাও কোনও দুর্ঘটনার খবরও নেই। তবে আজও ২টি মিছিল ও জমায়েত রয়েছে। দুপুর ১২টা নাগাদ মহাজাতি সদনের সামনে একটি ধরনা রয়েছে। সেখান থেকে মিছিল করে ক্যামাক স্ট্রিটের দিকে যাবেন জমায়েতকারীরা। সেখানে প্রায় ৫০ থেকে ৬০ জন থাকতে পারেন। পাশাপাশি ওই একই সময় রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আরও একটি মিছিল রয়েছে, যেটি ওয়াই রোড পর্যন্ত যাবে। মিছিলে প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষ হাঁটবেন বলে জানাচ্ছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল।
