
কলকাতা, ৪ জানুয়ারি : তিলোত্তমায় ফিরেছে জমাটি শীতের আমেজ। জাঁকিয়ে শীতের প্রত্যাবর্তন হয়েছে সমগ্র উত্তর ও দক্ষিণবঙ্গে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন সকালে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায় আকাশ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে কলকাতায়, পারদ পতন হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়াবিদদের অনুমান, চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেও যেতে পারে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও এখন জাঁকিয়ে শীত পড়েছে। ঠাণ্ডায় কাঁপছে পাহাড় থেকে সমতল-গোটা পশ্চিমবঙ্গই।
শুষ্ক এবং পরিষ্কার আবহাওয়া, আর তাই দক্ষিণ এবং উত্তর— দুই বঙ্গেই কমছে তাপমাত্রা, বাড়ছে ঠাণ্ডা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতের কলকাতায় আরও নামবে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস। মালদহ, দুই দিনাজপুরে সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। ৫ জানুয়ারির পর থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ২-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
