
কলকাতা, ১৮ জানুয়ারি : মহানগরীতে ফের বাড়ল তাপমাত্রার পারদ, তবে খুব বেশি নয়। পারদ চড়লেও হালকা শীতের আমেজ অনুভূত হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, আপাতত হালকা শীতেই খুশি থাকতে হচ্ছে বঙ্গবাসীকে। তবে, জমজমাট ঠান্ডার প্রত্যাবর্তন এখনও হয়নি। কলকাতার তুলনায় বুধবারও শীত একটু বেশি ছিল মহানগরী লাগোয়া জেলাগুলিতে। আবার পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে শীতের দাপট অনেকটাই বেশি ছিল।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আগের দিনের তুলনায় একটু বেড়েছে তাপমাত্রা। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘন্টার মধ্যে ফের বাড়তে পারে তাপমাত্রা। ফলে শীতের আমেজও উধাও হয়ে যেতে পারে।
