
কলকাতা, ১৩ আগস্ট : বৃষ্টি হচ্ছে খুবই সামান্য, মাঝেমধ্যে। তাতে স্বস্তি তো মিলছে না, বরং আর্দ্রতার অস্বস্তি বজায় থাকছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘর্মাক্ত গরম পিছু ছাড়ছে না। বৃষ্টির ঘাটতিও এখনও মেটেনি। যদিও, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। কোথাও কোথাও তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও জেলাগুলিতেও।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সকাল থেকেই আংশিক মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। হালকা বৃষ্টিও হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল- দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ার ও কালিম্পং।
