
কলকাতা, ৩১ আগস্ট : বৃষ্টি আচমকাই যেন উধাও হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গ থেকে, উল্টে ফিরেছে গরমের অস্বস্তি ও গুমোটভাব। আপাতত এই গরম থেকে রেহাই পাবে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। তবে, সপ্তাহান্তে পরিবর্তন হতে পারে আবহাওয়ার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলায়। শনিবার থেকে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শনিবার থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক অথবা তার ওপরে থাকবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
