
কলকাতা, ২৪ সেপ্টেম্বর : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। সেই ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার ওপর। যার জেরে আপাতত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। তবে আপাতত নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও রাজ্যের উপর একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর জেরেই চলছে লাগাতার বৃষ্টি। তবে সপ্তাহের শুরুতে বৃষ্টি কমার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।
বিগত কিছু দিন ধরে একটানা বৃষ্টি চলছে। আপাতত নিম্নচাপ সরায় বৃষ্টি খানিক কমবে। তবে জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়াতে বেশ কয়েক দফায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও আগামী ২৬ সেপ্টেম্বরের পর দক্ষিণবঙ্গের আবহাওয়া ফের বদলাবে। বৃষ্টি কমে বাড়বে গরম।
