
কলকাতা, ৪ জুলাই: কলকাতার বজবজ এলাকার জিঞ্জিরা বাজারে একটি ৯০০ ডায়ামিটারের পাইপ লাইন ফেটে বিপত্তি। মঙ্গলবার ভোরে আচমকাই পাইপটি ফেটে যায়। এখন তা মেরামতির কাজ চলছে। যার জেরে বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। মূলত খিদিরপুর ও বেহালার বিভিন্ন অংশে জল সরবরাহে ব্যাঘাত ঘটেছে।
এছাড়াও কলকাতার মহেশতলার কিছু ওয়ার্ডে সমস্যা হচ্ছে। যদিও কলকাতা পুরসভার দাবি, বুস্টার স্টেশনগুলিতে জল পৌঁছে গিয়েছিল আগেই। কিছু কিছু এলাকা ছাড়া সর্বত্রই জল দেওয়া হয়েছে। যদিও জল সরবরাহের পরিমাণ কম ছিল। জলের লাইনে কোথায় ফাটল ধরেছে তা খুঁজে বের করে মেরামতিতে সময় লাগতে পারে বলে পুরসভার তরফে জানানো হয়েছে।
