
কলকাতা, ২০ সেপ্টেম্বর: আবর্জনা ফেলা নিয়ে অশান্তি, বচসা, এরপর রাগের বশে স্থানীয়দের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল কলকাতার কসবায়। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ কসবা এলাকার বৈকুণ্ঠপুরে ঘটেছে ঘটনাটি। অভিযোগ, রাস্তার ওপর নিয়মিত নোংরা ফেলেন স্থানীয় এক ফ্ল্যাটের বাসিন্দা। তা নিয়ে প্রতিবাদ করলে স্থানীয় ক্লাবের সদস্যদের লক্ষ্য করে পর পর দু’বার গুলি চালান তিনি।
গুলির আঘাতে কেউ আহত হননি বলেও স্থানীয়দের দাবি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বুধবার সকাল পর্যন্ত ওই ফ্ল্যাটটি পুলিশি ঘেরাটোপের মধ্যে ছিল বলে জানিয়েছেন স্থানীয়েরা। বাসিন্দার কাছে বন্দুক কী ভাবে এল, বন্দুকের উপযুক্ত লাইসেন্স রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
