
কলকাতা, ১২ আগস্ট : বজবজে দুই বন্ধুকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বজবজ থানার ৭ নম্বর ওয়ার্ডের খড়িবেড়িয়া এলাকায়। ওই এলাকার পণ্ডিতের মাঠ থেকে দুই বন্ধুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় মোট পাঁচ জনকে আটক করেছে বজবজ থানার পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। মৃতদের পরিবারের অভিযোগ, এই জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অসীম বৈদ্য এবং তার আশ্রিত দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রের খবর, নিহত দুই বন্ধুর নাম গণেশ নস্কর (৪৮) এবং মহাদেব পুরকাইত ওরফে পুঁটি (৪২)। শুক্রবার তাঁদের দু’জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের নিয়ে যাওয়া হয় খড়িবেড়িয়া হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে জানান। শুক্রবার রাত পৌনে ১১টা নাগাদ মহাদেব এবং তাঁর বন্ধু গণেশ বাড়ি ফিরছিলেন। সেই সময় পণ্ডিতের মাঠের কাছে অসীম এবং তাঁর দলবল তাঁদের ঘিরে ধরে মারধর শুরু করে বলে অভিযোগ। মহাদেবের পরিবারের অভিযোগ, বচসা চলাকালীন ধারালো অস্ত্র দিয়ে মহাদেবের গলার নলি কেটে দেওয়া হয়। সম্ভবত মহাদেবকে খুনের ঘটনা দেখে ফেলায় খুন করা হয় গণেশকেও। অসীমের খোঁজে তল্লাশি শুরু করেছে বজবজ থানার পুলিশ। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
