
কলকাতা, ৬ অক্টোবর : রাজভবনের সামনে অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তৃণমূলের ধর্না নিয়ে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আঞ্চলিক দল তৃণমূল পশ্চিমবঙ্গে গণতন্ত্রের এক একটি স্তম্ভকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে। সামাজিক মাধ্যমে এই ভাষাতেই আক্রমণ করেন বিরোধী দলনেতা।
১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে রাজভবনের সামনে ধর্নাস্থলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারারাত ধর্নামঞ্চেই কাটিয়েছেন অভিষেক। আর এই ধর্না নিয়ে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিরোধী দলনেতা লিখেছেন, "রাজভবনের ১৫০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকে, পুলিশের সঙ্গে যোগসাজশে সেখানে নিজেদের মিছিল নিয়ে ঢুকে শুধু ১৪৪ ধারা লঙ্ঘনই করেননি, সেখানে ক্যাম্পও করেছে। রাজ্যের সাংবিধানিক প্রধানের নিরাপত্তা সস্তার রাজনৈতিক নাটকের জন্য বিপন্ন হচ্ছে। আর এতে পুলিশ সহযোগিতা করছে।''
