
কলকাতা, ৫ আগস্ট : ভারতের অত্যাধুনিক সুপারফাস্ট বন্দে ভারত এক্সপ্রেস চলবে হাওড়া এবং পাটনার মধ্যে। শনিবার রেলওয়ে সূত্র জানিয়েছে, বন্দে ভারত ট্রেন হাওড়া থেকে আসানসোল হয়ে জাসিডি পর্যন্ত চলবে। শনিবার তার ট্রায়াল রান শুরু হচ্ছে।
ট্রায়াল রানের জন্য শনিবার সকাল ৮টায় ট্রেনটি পাটনা থেকে ছেড়েছে। সকাল ১১টার মধ্যে ট্রেনটি জাসিডি স্টেশনে পৌঁছাবে। এর পরে এটি আসানসোলে পৌঁছাবে দুপুর ১২.১৫ নাগাদ। এই ট্রেন হাওড়ায় প্রবেশ করবে দুপুর আড়াইটে নাগাদ। এই ট্রেনটি আবার হাওড়া থেকে ছাড়বে বিকেল ৩.৫৫ মিনিটে। আসানসোলে পৌঁছাবে বিকেল ৫টা ৫০ মিনিটে। এরপর রাত ১০.৩৫ মিনিটে জাসিডি হয়ে পাটনা পৌঁছাবে। অর্থাৎ হাওড়া থেকে পাটনা এবং পাটনা থেকে হাওড়া যেতে সময় লাগে সাড়ে ছয় ঘণ্টা। রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার ট্রেনের ট্রায়াল সফল হলে ১৫ আগস্ট থেকে যাত্রীদের জন্য চালু করা হতে পারে এই ট্রেন।
