
ক্যানিং, ১৪ জানুয়ারি: মাত্রাতিরিক্ত কুয়াশার দাপটে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিঘ্নিত হল ট্রেন চলাচল। এরইমধ্যে শনিবার ভোররাত ৩টে ৪৫ মিনিটের আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল আচমকাই চম্পাহাটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ট্রেনটির ইঞ্জিনে গোলযোগ দেখা দিয়েছিল। ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বাতিল হয় ভোর ৪টে ৩২ এবং সকাল ৬টা ১৭ মিনিটের আপ ক্যানিং-শিয়ালদহ ট্রেন। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।
যদিও এ দিন তিনটি ট্রেন বাতিল হওয়ায় পর আবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ক্যানিং থেকে সকাল ৬টা ৫০ মিনিটে আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল শিয়ালদহের দিকে রওনা দেয়। বেলার দিকে আবহাওয়ার সামান্য উন্নতি হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা।
