
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার ইদ (Eid 2023)। বুধবার বিকেল থেকেই খুশির হাওয়া কলকাতার বিভিন্ন এলাকায়। ইদের আবহে যানজট হতে পারে। তাই নির্দিষ্ট সময় বৃহস্পতিবার বেশ কয়েকটি রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ (Kolkata Police Traffic Control) করা হতে পারে। কলকাতা পুলিশ বিবৃতি দিয়ে একথা জানিয়েছে।
কলকাতা পুলিশ জানিয়েছে, নমাজ উপলক্ষে বুধবার রাত থেকেই বন্ধ রেড রোড। রাত ১০টা থেকে ইদের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত মানিকতলা রোড, নারকেলডাঙা রোড, আরজি কর রোড, বেলগাছিয়া রোড, উত্তর শিযালদহ রোড, কনভেন্ট রোড, জওহরলাল নেহরু রোড, হরিশ মুখার্জি রোড, শম্ভুনাথ পন্ডিত রোড, টালিগঞ্জ সার্কুলার রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের বেন্টিঙ্ক স্ট্রিট, ম্যাডান স্ট্রিটের কিছু অংশ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, লেনিন সরণির কিছু অংশে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে।কলকাতা পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত গার্ডেনরিচের রামনগর ক্রসিং থেকে আবদুল খাবর রোড, আকরা রোড, পাহাড়পুর রোড, অ্যাসবেস্টস রোড পর্যন্ত রাস্তায় ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় পণ্যবাহী গাড়ি চলাচলে ছাড় থাকবে।
