
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার হাজরায় কর্মশিক্ষক চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়। নিয়োগের দাবিতে ৭০০ দিনের বেশি সময় ধরে আন্দোলনরত কর্মশিক্ষক পদের চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁদের আটকে দেয় পুলিশ। ভবানীপুর থানার পুলিশ বাহিনী যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের তিন নম্বর গেটের বাইরে থেকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় আন্দোলনকারীদের।
চাকরিপ্রার্থীদের বক্তব্য, তাঁদের নিয়োগ আ়টকে রয়েছে সরকারি উদাসীনতায়। ইতিমধ্যেই তাঁরা নিয়োগের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। আন্দোলনকারীদের বক্তব্য, আদালতে গিয়েও রাজ্য সরকার নিয়োগ আটকে রাখতে কলকাঠি নাড়ছে।কর্মশিক্ষক চাকরিপ্রার্থীরা শহিদ মিনারের কাছে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্না চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার মেট্রো ধরে তাঁরা যতীন দাস পার্ক যান। গেট থেকে বার হতেই তাঁদের আটক করে পুলিশ। আন্দোলনরত চাকরিপ্রার্থীদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই তাঁরা হরিশ চ্যাটার্জি স্ট্রিটের দিকে যাচ্ছিলেন। দিন কয়েক আগে এ ভাবেই উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা মিছিল নিয়ে মুখ্যমন্তীর বাড়ির দিকে যাচ্ছিলেন। তখনই তাঁদের আটক করে পুলিশ।
শুকনো রুটি ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আআন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, রাজ্য সরকার যদি মামলায় জটিলতা তৈরি না করত, তা হলে তাঁদের নিয়োগের জন্য এত কাঠখড় পোড়াতে হত না।
