
কলকাতা, ১২ ডিসেম্বর : তিলোত্তমার তাপমাত্রা ফের নামল, আগের দিনের তুলনায় প্রায় দুই ডিগ্রি নামল তাপমাত্রার পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, সোমবার তা কমে পৌঁছেছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি ওপরে। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.০ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রার পারদ স্বাভাবিকের ঊর্ধ্বে থাকায় শীতের আমেজ এদিনও সেভাবে উপভোগ করা যায়নি কলকাতায়, শহরতলিতেও তুলনামূলক কম ঠাণ্ডা ছিল। তবে, গ্রাম বাংলায় এদিন সকালেও শীতের শিরশিরানি বেশ ভালোই মালুম হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বেশ ঠাণ্ডা ছিল এদিন সকালে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কিছু দিন কলকাতার তাপমাত্রায় সেভাবে হেরফের হবে না। ভোরের দিকে শীত থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত উধাও হয়ে যাবে। ধীরে ধীরে নামতে পারে তাপমাত্রার পারদ।
