
কলকাতা, ১৩ জুন : বৃষ্টি হওয়া সত্ত্বেও, ঘর্মাক্ত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটছেই না। বৃষ্টি থামতেই ফিরছে গুমোটভাবে, ক্লান্ত হয়ে উঠছে তিলোত্তমা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় একইরকম পরিস্থিতি। আগামী শনিবার পর্যন্ত পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তত দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরম থেকে রেহাই মিলছে না। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বর্ষা ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে, বৃষ্টিও হচ্ছে বিভিন্ন জেলায়। কিন্তু, বর্ষা এখনও প্রবেশ হয়নি দক্ষিণবঙ্গে, বৃষ্টিতে ভেজার পরিবর্তে গরমে ঘামছে দক্ষিণবঙ্গ। আপাতত বর্ষার প্রতীক্ষায় দিন গুনছে গোটা দক্ষিণবঙ্গ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আগামী ৪৮ ঘন্টা বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে, ১৫ জুনের পর থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা নেই।
