
মালদা, ২২ এপ্রিল : "এই সময় পঞ্চায়েত ভোট হলে তৃণমূলের হারার সম্ভাবনা ১০০ শতাংশ৷ তৃণমূলের এজেন্সিই সেই রিপোর্ট দিচ্ছে"। সাংবাদিকদের কাছে এই দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, হারের ভয়ে তৃণমূল এখন ভোট করাতে চাইছে না ৷
দলীয় কর্মসূচিতে কালিয়াগঞ্জ যাওয়ার পথে শনিবার মালদায় আসেন তিনি ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন বালুরঘাটের সাংসদ৷ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সাংসদদের ভোট পিছিয়ে দেওয়া নিয়ে বৈঠক হয়েছে৷ তবে যতই পঞ্চায়েত ভোট পিছনো হোক, নিরপেক্ষ ভোট হলে তৃণমূল হারবে, বিজেপিই জিতবে ৷" শুক্রবার মহার্ঘভাতা নিয়ে রাজ্য সরকার ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠক হয়েছে৷ কিন্তু সমাধান মেলেনি৷ এ প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, "আদালত আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে বলেছিল বলে রাজ্য সরকার বৈঠকে বসেছে৷ কিন্তু এই বৈঠক যে সফল হবে না, তা সকলেরই জানা ছিল৷ সরকারের বকেয়া মহার্ঘ্যভাতা দেওয়ার কোনও ইচ্ছা নেই৷"
