
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গ্রুপ ডি মামলায় ডিভিশন বেঞ্চ ১৯১১ জনের বেতন ফেরত দেওয়ার সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল। অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের। তবে সিঙ্গেল বেঞ্চের বাকি নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ।
ওএমআর শিট কারচুপিতে অভিযুক্ত ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি তাঁদের বেতনের অর্থ ফেরাতেও বলেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চ সেই বেতন ফেরানোর নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে। তবে একক বেঞ্চের সম্পূর্ণ রায়ের উপর স্থগিতাদেশ জারি করা হয়নি। অর্থাৎ, চাকরি বাতিলের নির্দেশ এখনও বহাল থাকছে।
একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম মজুমদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন গ্রুপ ডি কর্মীরা। তাঁদের বক্তব্য ছিল, তাঁরা যখন শ্রম দিয়েছেন, তখন বেতন কেন ফেরাবেন? বৃহস্পতিবার সেই মামলার রায়ে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে, বেতন ফেরত নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হল। আগামী ৩ মার্চ পর্যন্ত জারি থাকবে এই স্থগিতাদেশ। ৩ মার্চ -এই মামলাটির পরবর্তী শুনানি হবে।
