
কলকাতা, ১৩ জুলাই: বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ১৪ সেকেন্ডের ভিডিও টুইট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেটিকে ভুয়া বলে দাবি করে কুণাল দাবি করেন ভুয়া ভিডিও-তে বিভ্রান্ত করা হচ্ছে কেন্দ্রকে।
সেই ভিডিও-তে শুভেন্দুবাবুকে বলতে শোনা গিয়েছে, “এমন পরিবেশ তৈরি করতে হবে, ৩৫৫ লাগবেই। এছাড়া আর কোনও পরিত্রাণ পশ্চিমবঙ্গে নেই। অনেক জিনিস করাতে হয়। কী করে করাতে হয় আমি জানি।” অর্থাৎ শুভেন্দুবাবু বলছেন রাজ্যে ৩৫৫ ধারা জারির পরিবেশ তৈরি করতে হবে। এবং সেই পরিবেশ কী করে তৈরি করতে হয়, সেটাও তিনি জানেন।
বিরোধী দলনেতার এই বক্তব্যকে সরাসরি ষড়যন্ত্রের ঘোষণা হিসাবে বর্ণনা করছে তৃণমূল। কুণাল ঘোষের বক্তব্য,”এটা ষড়যন্ত্রের ঘোষণা। বলছে কেন্দ্রের হস্তক্ষেপ আনতে কিছু কিছু কাজ করাতে হয় এবং ও তা জানে। এগুলোই হল হিংসার উৎস। জনগণের বিচারে প্রত্যাখ্যাত হয়ে অশান্তির ছক। অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। কোর্ট দেখতে পাচ্ছে না?”
