kolkata

2 years ago

Suryakanta Mishra: হাসপাতাল থেকে ছাড়া পেলেন সূর্যকান্ত মিশ্র

Surya Kanta Mishra (File picture)
Surya Kanta Mishra (File picture)

 

কলকাতা, ১৯ আগস্ট  : প্রবীণ সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রকে শুক্রবার রাতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বুকে ব্যথার জন্য গত বুধবার তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিন দিন তাকে পর্যবেক্ষণে রাখার পর অবশেষে তাকে ছেড়ে দেন চিকিৎসকরা। তবে আপাতত তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে ও বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খাবারেও অনেক নিষেধাজ্ঞা রয়েছে।

মঙ্গলবার থেকে বুকে ব্যথা অনুভব করেন সূর্যকান্ত মিশ্র। বুধবার সকালে তিনি চিকিৎসকদের কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ওই দিনই তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই চলে তাঁর চিকিৎসা। একাধিক শারীরিক পরীক্ষার পাশাপাশি অ্যাঞ্জিওগ্রাম হয়েছে সিপিএম নেতার। তাতে বড় কিছু সমস্যা ধরা পড়েনি। ফলে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন আপাতত অ্যাঞ্জিওপ্লাস্টি প্রয়োজন নেই। তবে তাঁকে নিয়মিত ওষুধ খেতে হবে। এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। সেই মতোই এদিন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সিপিএম সূত্রে জানা গিয়েছে, আপাতত দলের কোনও কর্মসূচিতে যোগ দেবেন না সূর্যকান্ত মিশ্র। কয়েক সপ্তাহ পর শারীরিক অবস্থার উন্নতি হলে সে ক্ষেত্রে তাঁকে কলকাতা এবং কাছাকাছি এলাকায় দলের তরফে কর্মসূচি দেওয়া হবে।

এর আগে একাধিকবার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিয়েছে বর্ষীয়ান এই সিপিএম নেতার। কয়েক বছর আগে তিনি কোমরে ব্যথায় কাহিল হয়ে পড়েছিলেন। সেই সময় তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। পরে সুস্থ হয়ে পুনরায় দলের কর্মসূচিতে যোগ দেন। ২০২১ সালে যখন বাড়বাড়ন্ত চল করোনার, সেই সময় কোভিড প্রটোকল অনুযায়ী, বেশ কিছুদিন তাঁকে হোম আইসলেশন রাখা হয়েছিল। এছাড়াও, মৌলালিতে মিছিল চলাকালীন বড়সড় দুর্ঘটনার হাত থেকে বরাত জোরে রক্ষা পেয়েছিলেন সূর্যকান্ত। কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময় তিনি নিয়মিত ভাবে খোঁজখবর নিতেন। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত নিজেও একজন চিকিৎসক। তাই মেডিক্যাল বোর্ডের বৈঠকে তিনি থাকতেন। তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখতেন। বুধবার সূর্যকান্তকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করার পরে তাঁর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। সেই বোর্ডের অধীনে চিকিৎসা চলছিল সূর্যকান্ত মিশ্রর।


You might also like!