
কলকাতা ১৪ এপ্রিল : দণ্ডি কাণ্ডে তফশিলী উপজাতি (এসটি) কমিশনের চেয়ারম্যানকে ফের চিঠি লিখে প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, মূল অপরাধীকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। ফলে এসটি কমিশনের কাছে পদক্ষেপের আরজি জানিয়েছেন সুকান্তবাবু।
বিতর্কের সূত্রপাত গত ৬ এপ্রিল। রাতে দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভা জেডপি-১২ মণ্ডলের গোফানগরে কয়েকজন মহিলা বিজেপিতে যোগদান করেন। তাঁদের মধ্যে অনেকেই তৃণমূলে ছিলেন বলে দাবি করে বিজেপি। সেই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই তপনের জেডপি-১২ মণ্ডলের গোফানগর থেকে শুক্রবার বালুরঘাট শহরে আসেন বিজেপিতে যোগদানকারীরা। তাঁরা বেশ কিছুটা রাস্তা দণ্ডি কেটে তৃণমূলের জেলা কার্যালয়ে যান। সেখানে তৎকালীন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর হাত থেকে ফের তৃণমূলের পতাকা তুলে নেন।
দণ্ডির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দানা বাধে বিতর্ক। বিজেপি গোটা ঘটনার তীব্র প্রতিবাদ করে। গত সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লেখেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেন। জাতীয় এসটি কমিশনেও চিঠি লিখে অভিযোগ জানান।
ইতিমধ্যেই রিপোর্ট তলব করে জাতীয় এসটি কমিশন। পরবর্তীতে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় ২ তৃণমূল নেতাকে। এরপরই ফের এসটি কমিশনে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার।
