
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২৪ অগস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয় পুরসভার নিয়োগ দুর্নীতিতে দমকলমন্ত্রীকে তলব করেছে সিবিআই। ৩১ অগস্ট তাঁকে তদন্তের জন্য ডেকে পাঠানো হয়েছে নিজাম প্যালেসের সিবিআই দফতরে।কিন্তু বৃহস্পতিবার নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দিলেন না তিনি।
উল্লেখ্য, ২৪ অগস্ট বিধানসভার অধিবেশনে থাকার সময় এই খবর পান সুজিত। ওই দিন বিবৃতি দিয়ে জানিয়ে দেন, সিবিআইয়ের থেকে হাজিরার কোনও চিঠি পাননি তিনি। চিঠি পেলে তার পর নিজের অবস্থান জানাবেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাঁর কাছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে তলবের কোনও বার্তা আসেনি। তাই নিজাম প্যালেসে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না বলে দাবি করেছেন বিধাননগর বিধায়কের ঘনিষ্ঠমহল।
প্রসঙ্গত, পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের পাশাপাশি তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট-ও। ইডি সূত্রে খবর, যে ১২টি পুরসভা কর্তৃপক্ষের কাছে তারা নথি চেয়ে পাঠিয়েছে, তার মধ্যে দমদম, কামারহাটি, পানিহাটির মতো কলকাতা সংলগ্ন এলাকাগুলির পুরসভাও রয়েছে। ইডি ওই পুরসভা কর্তৃপক্ষকে বলেছে, ২০১৪ সাল থেকে সমস্ত নিয়োগের তথ্য পাঠাতে। এক সপ্তাহের মধ্যে ওই তথ্য এবং যাবতীয় নথি পাঠাতে হবে বলে নোটিসে জানিয়েছে ইডি। যে সময়ের উল্লেখ করে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত হচ্ছে, সেই সময়ে সুজিত ছিলেন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান।
