
কলকাতা, ২০ জানুয়ারি : পৌষের শেষ থেকে আবহাওয়ার খামখেয়ালিপনায় জেরবার বঙ্গজীবন। কাশি, জ্বর, সর্দিতে নাস্তানাবুদ শহরের বাসিন্দাদের অনেকেই। সঙ্গে হাজির পেটের সমস্যাও। বেশি করে উদ্বেগ তৈরি হচ্ছে বয়স্ক ও শ্বাসের সমস্যায় ভোগা রোগীদের নিয়ে। চিকিৎসকেরা জানাচ্ছেন, বার বার আবহাওয়ার পরিবর্তন হতে থাকলে এই ভোগান্তিও চলবে। এই মুহূর্তে যেমন কিছুটা ঠান্ডা থাকলেও পূর্বাভাস বলছে, আগামীকাল, শনিবার থেকেই বাড়তে পারে তাপমাত্রা। তাই সতর্কতাই হল এখন বাঁচার একমাত্র পথ।
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, দক্ষিণবঙ্গে শীতের প্রত্যাবর্তনের আর তেমন কোনও সম্ভাবনা নেই। সম্ভবত, আগামী ২৩ জানুয়ারি শেষ হতে চলেছে চলতি মরশুমের শীতের মেয়াদ। জানুয়ারি মাসের বাকি দিনগুলিতে আর তেমন পারদ পতনের সম্ভাবনা নেই। তবে সেই পূর্বাভাস কিছুটা ভুল প্রমাণ করে এক ধাক্কায় নামল কলকাতার তাপমাত্রা। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা কমে পৌঁছল ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নেমে তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
