
কলকাতা, ২৯ জুন : বৃষ্টির সৌজন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রার পারদ রয়েছে নীচের দিকেই, বৃষ্টির সুবাদে তিলোত্তমার তাপমাত্রা নামল বেশ কিছুটা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বিভিন্ন জেলায়। সারারাত বৃষ্টির পর বৃহস্পতিবার সকালেও বৃষ্টি জারি রয়েছে, সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলার আকাশ ছিল মেঘলা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত একই রকম থাকবে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হবে।
