
কলকাতা, ৬ ফেব্রুয়ারি : দ্বিতীয় সাম্মানিক ডি লিট পেতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে এই সম্মান দিচ্ছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। সোমবার তাঁকে ডি লিট দেওয়া হবে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নানা পুরস্কার ও সম্মান পেয়েছেন। এমনকী বিদেশ থেকেও একাধিকবার ডাক পেয়েছেন তিনি। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট দেওয়া হবে। মুখ্যমন্ত্রী তা গ্রহণ করতে আগেই সম্মতি দিয়ে রেখেছিলেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
মুখ্যমন্ত্রীকে কয়েক মাস আগেই চিঠি দিয়ে ডি লিট দেওয়ার প্রস্তাবটি পাঠিয়েছিল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানেই সাম্মানিক ডি লিট দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এই চিঠি হাতে পাওয়ার পর সাম্মানিক ডি লিট নিতে সম্মতি জানিয়েছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট দিয়েছিল। তা নিয়ে বিতর্কে জল কম ঘোলা হয়নি। এবার কতটা প্রতিক্রিয়া হয়, তা দেখতে অনেকেই আগ্রহী।
