
কলকাতা, ১৭ আগস্ট : কলকাতার ঠাকুরপুকুর এলাকায় পুলকার দুর্ঘটনায় আহত হয়েছে কয়েকটি পড়ুয়া। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ ঠাকুরপুকুরের কাছে জেমস লং সরণিতে দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় পড়ে থাকা পাথরে ধাক্কা মেরে উল্টে যায় পুলকারটি। গাড়িতে থাকা পড়ুয়ারা আহত হয়, স্থানীয়রাই তাঁদের উদ্ধার করেন। খবর পেয়ে অভিভাবকরা এসে পড়ুয়াদের নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেমস লং সরণীর একাংশে রাস্তায় ডিভাইডার লাগানোর কাজ চলছে। সেখানেই থাকা পাথরে ধাক্কা মারে পুলকারটি। রাস্তার ধারে থাকা পাথরে ধাক্কা মেরে বেশ কিছুটা এগিয়ে যায় গাড়িটি। এরপর একটি ফাঁকা অংশে প্রথমে আটকে, তার খানিক পরে উল্টে যায় গাড়িটি। রাস্তায় উল্টে যাওয়া গাড়িটি থেকে পড়ুয়াদের উদ্ধার করেন স্থানীয়রাই। সৌভাগ্যবশত, কারও চোটই তেমন গুরুতর নয়। ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে পুলকারের চালককে।
