
কলকাতা, ১৭ জানুয়ারি : পক্ষপাতদুষ্টতার অভিযোগে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট ও আইনজীবীদের বিক্ষোভ সম্পর্কে মঙ্গলবার রিপোর্ট জমা দেবেন বার কাউন্সিল অব ইন্ডিয়ার প্রতিনিধিরা।
এর আগে সোমবার দিনভর হাই কোর্টের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটেও কার্যত খালি হাতেই দিল্লি ফিরতে হয়েছে বার কাউন্সিল অব ইন্ডিয়ার তিন প্রতিনিধিকে। ওই দিন হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল, ডেপুটি সলিসিটার জেনারেল, রাজ্য বার কাউন্সিলের সদস্য ও হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিরা। বিক্ষোভ নিয়ে আদালত অবমাননা মামলায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণের জন্য রেজিস্টার জেনারেলকে নির্দেশ দিয়েছিলেন স্বয়ং বিচারপতি মান্থা। সূত্রের খবর, হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে বার কাউন্সিল অফ ইণ্ডিয়ার প্রতিনিধিরা সিসিটিভি ফুটেজ পান নি।
এর পর কিসের ভিত্তিতে তাঁরা রিপোর্ট দেবেন, আদৌ কোনও অভিযুক্তকে চিহ্ণিত করা যাবে কিনা, তা নিয়ে যথেষ্ঠ সংশয় রয়েছে বলে মনে করছেন অনেকে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “গোটাটাই সুনির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা। সবেতেই টিম আসছে। আদালতের উপর আমাদের আস্থা আছে।”
