
কলকাতা, ১৮ জানুয়ারি : বুধবার সকালেই রাজ্যে এসে পৌঁছেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী এরাজ্যে ৬ দিন থাকবেন তিনি, নেতাজি জন্মজয়ন্তীতে শহিদ মিনারের সামনে বিশাল জনসভা করার কথা রয়েছে তাঁর। মঙ্গলবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেছে আরএসএস।
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আগে এরাজ্যে শক্তি প্রদর্শন করতে চাইছে বিজেপি ও আরএসএস। আরএসএস প্রধান মোহন ভাগবত বুধবার হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মে ১৮০০৬ জগদলপুর এক্সপ্রেসে করে সকাল ৫টা ১৫ মিনিটে হাওড়া এসে পৌঁছান। সেখান থেকে তিনি কলকাতা আসেন। আরএসএস-এর সাংগঠনিক বৈঠকে অংশ নিতে কলকাতা পৌঁছন তিনি।
ভাগবত এসে পৌঁছানোয় হাওড়া স্টেশনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। ট্রেন থেকে নামার পর ব্যাটারি চালিত গাড়িতে না উঠে পায়ে হেঁটেই নিজের গাড়ি পর্যন্ত যান। হাওড়া স্টেশন থেকে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কোনও রকম কথা বলেননি মোহন ভাগবত।
