
কলকাতা, ২৪ এপ্রিল : প্রতীক্ষিত বৃষ্টিতে ভিজল তিলোত্তমা, বর্ষণে প্রাণ ফিরে পেল শহরতলিও। স্বস্তি পেল গোটা দক্ষিণবঙ্গ। সোমবার দুপুরে বৃষ্টিতে ভিজল কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজেছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর প্রভৃতি জেলা। বৃষ্টি হয়েছে দিঘাতেও।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাজুড়ে বৃষ্টির পূর্বাভাস ছিলই। রবিবার সারাদিন ছিটেফোঁটা বৃষ্টি হলেও, ভারী বৃষ্টির দেখা মেলেনি। কিন্তু, সোমবার দুপুরের পর থেকেই আবহাওয়া বদলে যায়। দুপুর ১২টার পর শহরের আকাশে মেঘের আনাগোনা দেখা যায়। আর তার পরই বৃষ্টি নামে শহরের বিভিন্ন এলাকায়। বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।
