
কলকাতা, ৩ এপ্রিল : হুগলির রিষড়ায় অশান্তির ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইলেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন আক্রান্ত এই বিজেপি বিধায়ক। ২ এপ্রিল, রবিবারই হাসপাতাল থেকেই চিঠি পাঠিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে অশান্তির পরিবেশের বর্ণনা দিয়ে অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিমান।
রবিবার রিষড়ায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিল সন্ধ্যাবাজার এলাকায় পৌঁছতেই অশান্তি শুরু হয়। অভিযোগ, পরিকল্পনামাফিক আগে থেকেই সেখানে মিছিলে বাধা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন এক দল দুষ্কৃতী। মিছিলে তাঁরা ঢিল ছোড়েন। এমনকি, বোমাবাজি এবং আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। সংঘর্ষে আহত হন পুরশুড়ার বিধায়ক বিমান। ওসি-সহ কয়েকজন পুলিশও জখম হন। রবিবারের ঘটনার বর্ণনা দিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়েছেন বিধায়ক বিমান ঘোষ।
