
কলকাতা, ২০ জানুয়ারি : বিচার ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। ৯ জানুয়ারি থেকে তাঁর এজলাসে গরহাজির সরকারি আইনজীবীরা। অ্যাডভোকেট জেনারেলের সামনে আশঙ্কা প্রকাশ করলেন বিচারপতি।
বিচারপতি রাজাশেখর মান্থা এজিকে উদ্দেশ্য করে বলেন, "কোর্টের কাছে এটা চিন্তার, যে ভাবে সরকারি আইনজীবীরা গরহাজির থাকছেন, তাতে কিন্তু ক্ষতি হচ্ছে পুলিশের। এটা আপনাদের প্রশাসনেরও ক্ষতি। সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পরতে পারে বলে আমার আশঙ্কা। তবে এটা বলতে বাধা নেই, পুলিশ অফিসাররা আইনজীবীর অভাবের মধ্যেও এখানে দাঁড়িয়ে যথেষ্ট ভালভাবে মামলার স্বপক্ষে নিজেদের যুক্তি তুলে ধরছেন। এতে আদালতের কাজের তেমন কোনও অসুবিধা হচ্ছে না। কিন্তু এই ভাবে চলতে পারে না। এটা সরকারের জন্য ক্ষতি।"
বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সাওয়ালে অংশ নিচ্ছেন না সরকারি আইনজীবীরা। এই অবস্থায় শুক্রবার একটি আদালত অবমাননার মামলায় কলকাতা পুলিশের এক ডিসির হাজিরা মামলায় হাজির ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি বলেন, "আমি স্বেচ্ছায় এই মামলায় যুক্ত হয়েছি। আমাকে এক সপ্তাহ সময় দেওয়া হোক। আদালতের নির্দেশ কার্যকর করা হয়ে যাবে তার মধ্যে।"
