
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টেট নিয়ে বাড়তি সতর্কতার পর ও অশান্তি এড়ানো গেল না , বিক্ষিপ্ত অশান্তির খবর এসছে বিভিন জেলা থেকে। এ বছর টেট পরীক্ষা দিতে চলেছেন মোট ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। রাজ্যজুড়ে মোট ১ হাজার ৪৬০টি কেন্দ্রে টেটের আয়োজন করা হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সকাল ১১টার মধ্যে সমস্ত পরীক্ষাকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে।
বোলপুরে একটি টেট পরীক্ষাকেন্দ্রের সামনে রবিবার সকালে পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখান বলে খবর। তাঁদের অভিযোগ ছিল, কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের ব্যাগ রাখার বন্দোবস্ত করে দেননি। ব্যাগ রাখার বিষয়ে কোনও রকম সহযোগিতাও করা হচ্ছিল না বলে অভিযোগ করেছেন প্রার্থীরা। এতে ওই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা প্রার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। কিছু ক্ষণের মধ্যেই সংশ্লিষ্ট স্কুলের তরফে চাকরিপ্রার্থীদের ব্যাগ রাখার বন্দোবস্ত করে দেওয়া হয়। অবরোধ উঠে যায় তার পর।
ধূপগুড়িতেও পরীক্ষার্থীদের ব্যাগ রাখা নিয়ে সমস্যা হয়।পরীক্ষাকেন্দ্রের বাইরে একটি দোকানে টাকার বিনিময়ে ব্যাগ রাখতে হয়েছে। এতেই ক্ষুব্ধ হয়ে পড়েন তাঁরা। পরীক্ষাকেন্দ্রে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।কই সমস্যার মুখে পড়েছেন কলকাতার পরীক্ষার্থীরাও। হিন্দু, হেয়ার, যাদবপুর বিদ্যাপীঠের মতো একাধিক স্কুলে পরীক্ষার্থীরা ব্যাগ রাখার জায়গা না পেয়ে হয়রানির শিকার হন বলে অভিযোগ। স্কুল বা বোর্ডের তরফে কারও ব্যাগের কোনও দায়িত্ব নেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া, টেটকে কেন্দ্র করে জেলায় জেলায় নিয়ন্ত্রণ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণে থাকবে।
