
কলকাতা, ৭ নভেম্বর : বদল হল কলকাতা হাই কোর্টের সরকারি আইনজীবী বা পাবলিক প্রসিকিউটর (পিপি)। মঙ্গলবার বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়। শাশ্বতগোপাল মুখোপাধ্যায়ের বদলে হাই কোর্টের রাজ্য সরকারি আইনজীবী হলেন দেবাশিস রায়। ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, হাই কোর্টে একের পর এক মামলায় ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার। সেই ‘অপরাধে’ই পাবলিক প্রসিকিউটর বদল করল নবান্ন।
সূত্রের খবর, সোমবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং গোয়েন্দা বিভাগের প্রধান তথা এডিজি সিআইডি রাজশেখরণকে নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে হাজির ছিলেন রাজ্য প্রশাসনের অন্যান্য শীর্ষকর্তারা। সেখানে আইনমন্ত্রী মলয় ঘটককেও ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে পিপি বদলের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য।
