
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বারাসতের দত্তপুকুরের নীলগঞ্জের মোচপোল গ্রাম। স্থানীয় একটি বাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায়, ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যুর খবর আসে। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই মৃতের সংখ্যা বেড়ে ৯ হয়েছে। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, শাসকদলের মদতে এবং পুলিশের হাত মাথার উপর নিয়েই বেআইনি বাজি ব্যবসা চলছিল এলাকায়। এই ঘটনার জেরে দত্তপুকুরের বিস্ফোরণকাণ্ডে নীলগঞ্জ আউটপোস্টের ওসি হিমাদ্রি ডোগরাকে সাসপেন্ড করা হল। নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির নতুন ওসি হলেন সঞ্জয় বিশ্বাস।
সোমবার ঘটনাস্থলে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাস্থল ঘুরে চাঞ্চল্যকর দাবি করেন তিনি। শুভেন্দু বলেন, কংক্রিটের বাড়ির ছাদ উড়িয়ে দিয়েছে এই বিস্ফোরণ। এখানে আরডিএক্স ব্যবহার করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, “পশ্চিমবঙ্গে আরডিএক্স বা অন্যান্য ধরনের কেমিক্যাল, যা বড় বিস্ফোরক তৈরিতে কাজে লাগে, তা পাওয়া গেলেও অবাক হব না।”
বাজি বিপর্যয়ের ঘটনাস্থলে সোমবারই ফরেন্সিক টিম পৌঁছয়, যান এডিজি সাউথ। যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর সদস্যদের একটি দলও। গ্রামেরই বাসিন্দা কেরামত শেখের বাড়িতে রবিবার বিস্ফোরণ হয়। অভিযোগ উঠছে, বিস্ফোরণের আগের দিন অর্থাৎ শনিবার কেরামতের কারখানায় বিপুল বাজির মশলা পৌঁছয়। জঙ্গলের আড়ালে এই কারখানা। অভিযোগ, বাড়ির ভিতর বাজি তৈরির মশলা রাখা থাকত।
