
কলকাতা, ২ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গে লগ্নি টানতে সপারিষদ স্পেন ও দুবাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে ‘বেঙ্গল বিজনেস সামিট’-এর প্রস্তুতিপর্ব। এসবের পাশাপাশি বিভিন্ন ধরণের আবাসন আগ্রহীদের কাছে পৌঁছিয়ে দিতে সোমবার হবে 'স্টেটকন-২০২৩'
নবান্ন-র দাবি, এ রাজ্যে নগরায়নের হার ভারতের জাতীয় গড়ের থেকে বেশি। আগামী কয়েক বছরে রাজ্যে নগরায়নের হার এখনকার ৩৬ শতাংশের থেকে বেড়ে ৪২ শতাংশে পৌঁছে যাবে। এর ফলে, এখনকার তুলনায় রাজ্যের শহরাঞ্চলে অতিরিক্ত ৮০ লক্ষ মানুষের বাস বেড়ে যাবে। তাই রিয়েল এস্টেট ক্ষেত্রে রাজ্যে বিপুল সম্ভাবনা রয়েছে।
সেই সম্ভাবনা বিনিয়োগকারীদের সামনে তুলে ধরে রাজ্যে লগ্নি আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী সোমবার কলকাতায় নির্মাতাদের সংস্থা ‘ক্রেডাই ওয়েস্ট বেঙ্গল’ 'স্টেটকন-২০২৩' আয়োজন করছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ক্রেডাই ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট সুশীল মোহতা।
তিনি বলেন, 'আমরা স্টেটকন-এ ইনভেস্ট বেঙ্গল নামে একটা আলোচনার আয়োজন করছি। সেখানে মুখ্যসচিব-সহ রাজ্যের অন্যান্য দফতরের সচিবরা থাকবেন। ওই আলোচনায় রাজ্য ও রাজ্যের বাইরের ক্রেডাই সদস্যদের সামনে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা তুলে ধরা হবে।'
ক্রেডাই-এর এক আধিকারিক জানান, রাজ্যের জিডিপিতে রিয়েল এস্টেট ক্ষেত্রের অংশীদারিত্ব ১০-১২%। রিয়েল এস্টেটের হাত ধরে রাজ্যে বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হয়। ইস্পাত, সিমেন্টের মতো প্রায় ১,১০০ শিল্পকে সহায়তা দেয় রিয়েল এস্টেট ক্ষেত্র। সেই কারণে আর্থিক উন্নয়নে রিয়েল এস্টেট ক্ষেত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
