
কলকাতা, ২৭ ডিসেম্বর : ফের অফিস টাইমে ব্যাহত মেট্রো পরিষেবা। মঙ্গলবার মেট্রো চলাচল বেশ কিছুক্ষণ অনিয়মিত ছিল। ধীরে ধীরে স্বাভাবিক হয়। আপ এবং ডাউন লাইনে পর পর দাঁড়িয়ে থাকা মেট্রোগুলির চাকা গড়ায় অবশেষে।
মঙ্গলবার বেলায় একটি মেট্রোর ব্রেক খারাপ হয়ে যাওয়ায় থমকে যায় পরিষেবা। আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। ৪৫ মিনিটের চেষ্টায় অবশেষে পরিষেবা স্বাভাবিক করা যায়। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরগামী ট্রেনগুলি চলে অনিয়মিত। ব্রেকে সমস্যার কারণে রবীন্দ্র সদনে আটকে পড়ল দমদমগামী মেট্রো। দীর্ঘক্ষণ ওই স্টেশনে আটকে পড়ে মেট্রো। যার জেরে আপ লাইনে বন্ধ সর পরিষেবা। ত্রুটিযুক্ত ওই মেট্রোটিকে ফাঁকা করে সরিয়ে দেওয়া হয়। তবে পরিষেবা স্বাভাবিক হতে এখনও খানিকটা সময় লাগে।
জানা গিয়েছে, ঘড়ির কাঁটায় ১ টা বেজে ১ মিনিটে কবি সুভাষ থেকে দমদমগামী একটি মেট্রো আচমকা থমকে যায় রবীন্দ্র সদন স্টেশনে। চালক বুঝতে পারেন যান্ত্রিক ত্রুটি (ব্রেক বাইন্ডিং) হয়েছে। এরপর বেশ কিছুক্ষণ চালক চেষ্টা করেন সমস্যা সমাধানের। কিন্তু তাতে লাভ হয়নি। প্রায় ২০ মিনিট মেট্রো রবীন্দ্র সদনে আটকে থাকার পর নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। ফাঁকা মেট্রোটিকে মেরামতের জন্য পাঠানো হয়। তবে এই ঘটনার জেরে আপ লাইনে পুরোপুরি বন্ধ থাকে মেট্রো পরিষেবা। ডাউন লাইনে মেট্রো চললেও তা অত্যন্ত ধীর গতিতে চলে।
মাঝপথে মেট্রো থেকে নামিয়ে দেওয়ায় প্রবল সমস্যায় পড়ে যাত্রীরা। সেই সঙ্গে আতঙ্কও ছিল। ইতিমধ্যেই অনেকে বিকল্প পথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। কেউ আবার অপেক্ষা করতে থাকেন মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার। ব্যস্ত সময়ে প্রায় ১ ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধ থাকায় প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা।
