
কলকাতা, ২৮ ডিসেম্বর : “অনেকেই আসতে চাইছেন। বীরভূমে সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী কেউ সুখে ছিলেন না। সেখানে কিছু লোক করে খাচ্ছিল। এখন তৃণমূলের ভাল লোকেরাও সমাজের চোখে ছোট হয়ে গিয়েছেন। তাঁদেরকেও লোকেরা ওই চোখে দেখছেন।“
বিপ্লব ওঝার বিজেপি-তে যোগদান প্রসঙ্গ তুলে বুধবার এই কথা বলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ নিত্যদিনের মতো তিনি এ দিন নিউটাউনে প্রাতঃভ্রমণে বের হয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন। বলেন, “তৃণমূলের ভাল লোকেরা তাই আত্মগ্লানিতে ভুগছেন। এরাই দল বদল করে আসতে চাইছেন।”
উল্লেখ্য, মঙ্গলবার সকালে দলের প্রতি নিজের ক্ষোভের কারণ ব্যক্ত করে তৃণমূল ছাড়েন বিপ্লব ওঝা। সংবাদ মাধ্যমে জানান, “আমি তৃণমূলের কংগ্রেসের সঙ্গে সমস্ত সংস্পর্শ ত্যাগ করছি। তার পিছনে কারণ রয়েছে। দলে এক বছর ধরে কোনও গুরুত্ব নেই। আমাকে কোনও মিটিং-মিছিলে ডাকা হয় না। মনে হচ্ছে দলে আমি বোঝা হয়ে গিয়েছে।” সেদিনই বিকেলে নলহাটিতে বিরোধী দলনেতার সভায় উপস্থিত হয়ে বিরোধী দলনেতার পাশের চেয়ারে বসতে দেখা যায় বিপ্লব ওঝাকে। তাঁর হাতে ফুলের তোড়াও তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান শুভেন্দু। এরপরই স্পষ্ট হয়ে যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে তাঁর যোগদানের ছবিটি।
