
কলকাতা, ৩১ মার্চ : বৃহস্পতিবার হাওড়ায় রামনবমীর মিছিলের পথবদল নিয়ে মিথ্যে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নথি সহ এই দাবি করলেন বিজেপি-র এ রাজ্যের কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য।
অমিতবাবু টুইটারে লিখেছেন, “বিই কলেজ থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত রামনবমী শোভা যাত্রা বের করার সমস্ত অনুমতি ভিএইচপি-র কাছে ছিল। তারা অনুমোদিত পথে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে পথ পরিবর্তন করা হয়েছে। তিনি মিথ্যা বলেছেন। তদন্ত এবং আইন প্রয়োগকারী সংস্থার পক্ষপাতিত্ব করেছেন। লজ্জাজনক।“
প্রসঙ্গত, বৃহস্পতিবার ধর্মতলার সভামঞ্চ থেকে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এত ঔদ্ধত্য কোথা থেকে আসে। রিপ্লাই তোমাদের দেব। রিফিটিং রিপ্লাই। মিছিলের রুট বদলে যেখানে পারমিশন ছিল না সেই আনঅথোরাইজড রুটে গেছো। ইচ্ছা করে একটি কমিউনিটিকে ধাক্কা দেওয়ার জন্য এসব করা হয়েছে। হামলা করে যদি কেউ ভাব মামলা করে রেহাই পাবে, তাহলে জেনে রাখো, এমন একদিন আসবে জনতার আদালতে যখন টিকবে না অন্যায়।”
