
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে ভবানীপুর কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকালে বিভিন্ন বুথ পরিদর্শন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।কালীঘাটের বাসভবন থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চেতলা এবং পদ্মপুকুর রোড এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রের পরিস্থিতি খতিয়ে দেখেন। দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি চক্রবেড়িয়া অঞ্চলের একটি বুথও পরিদর্শন করেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভিনরাজ্য থেকে আসা পর্যবেক্ষকরা ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছেন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "অনেক পর্যবেক্ষক রাজ্যের বাইরে থেকে এসেছেন। তাঁরা বিজেপির নির্দেশে কাজ করছেন এবং আদালতের নির্দেশ মানছেন না। আমরা আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছি, তা সত্ত্বেও বাইরে থেকে পর্যবেক্ষকদের আনা হয়েছে।"প্রশাসনিক আধিকারিকদের বদলি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি আরও দাবি করেন যে, নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে হেনস্থা করছে এবং পক্ষপাতিত্ব চলছে।
অন্যদিকে, মমতার এই বুথ পরিদর্শন নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী "চাপে পড়েই" সাতসকালে ময়দানে নেমেছেন। তাঁর মতে, প্রবল চাপ না থাকলে কোনও নেতা এভাবে বুথে বুথে ঘোরেন না।
