kolkata

3 years ago

Madhyamik Exam 2023 : নির্বিঘ্নেই প্রথম দিনে মাধ্যমিক পরীক্ষা শুরু, পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Madhyamik Examination 2023 ,
Madhyamik Examination 2023 ,

 

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি : নির্বিঘ্নে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা ঘিরে বৃহস্পতিবার কলকাতা অথবা জেলার কোথাও কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি বলেই প্রশাসন সূত্রে খবর। পরীক্ষাগ্রহণ কেন্দ্রগুলিতে পুলিশি প্রহরার ব্যবস্থা ছিল। যানজট সমস্যা এড়াতে বিভিন্ন রাস্তাতেও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। বাস, ট্রেন সবকিছুই ছিল স্বাভাবিক। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ জন ছাত্র-ছাত্রী। তার মধ্যে ছাত্রের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন। এবারের মাধ্যমিক পরীক্ষায় যাতে কোনও রকম খামতি না থাকে তার জন্য সমস্ত পদক্ষেপ নিয়েছে বোর্ড। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থীরা থাকবে সিসিটিভির নজরদারিতে।

২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, চলবে ৪ মার্চ পর্যন্ত। ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে ২৪ ফেব্রুয়ারি। পরের দিন, ২৫ ফেব্রুয়ারি ভূগোল। ২৮ ফেব্রুয়ারি পরীক্ষা হবে জীবনবিজ্ঞান বিষয়ের। ২, ৩ এবং ৪ মার্চ যথাক্রমে অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। যদিও মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনের কারণে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদলেছে। ২৭ ফেব্রুয়ারির বদলে ১ মার্চ ওই পরীক্ষা হবে বলে জানিয়েছে পর্ষদ।


You might also like!