
কলকাতা : প্রয়াত ভারতীয় ফুটবলের সিংহ মহম্মদ হাবিব। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টেয় হায়দরাবাদে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
তিন প্রধানে দাপিয়ে খেলেছেন তিনি । জাতীয় দলের জার্সিতেও রয়েছে সাফল্য। সাতের দশকে যখন যে জার্সি পরেছেন, সেই টিম সাফল্য পেয়েছেন। প্রদীপ ব্যানার্জি, অরুণ ঘোষ হোন আর অমল দত্ত, কী রহিম সাহেব সাফল্যের চাবিকাঠি হিসেবে মহম্মদ হাবিবকেই বরাবর তালুবন্দী রাখতে চাইতেন। লো-প্রোফাইলে থাকা, ভীষণ মুডি, সেই তিনিই আবার সবুজ মাঠের রাজা। এমন অনেক কঠিন ম্যাচ সতীর্থরা যেখানে চাপে থাকতেন, হাবিব বলতেন ‘ম্যায়দান মে চলো, ওহি দেখ লেঙ্গে।’ অনেক সময় চোট পরোয়া না করেও, হেলায় বিপক্ষকে হারাতেন। সাতের দশকে দলবদলে হাবিব ছিলেন অন্যতম লক্ষ্য। ময়দানের এই কিংবদন্তি ফুটবলার কোচ হিসেবে ততটা সফল নন।তবে তিন প্রধানে দাপিয়ে খেলেছেন। তেমনই হাবিব বেশ কয়েক বার মহমেডানের কোচ হয়েছেন।
