
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : ফের মেট্রোয় আগুন আতঙ্ক দেখা দিল। শুক্রবার দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রো থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। রবীন্দ্রসদন স্টেশনে এই ঘটনা নজরে আসার পর যাত্রী সুরক্ষায় তাঁদের মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়।
কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই আতঙ্কের জেরে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় মেট্রো পরিষেবা।
শুক্রবার দুপুর ১২টা ২৩ মিনিট নাগাদ রবীন্দ্র সদন স্টেশনে দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী মেট্রোর রেকে ধোঁয়া দেখা যায়। রেকটিকে পরে কবি সুভাষ কারশেডে পাঠানো হয়। কী কারণে ধোঁয়া বেরোচ্ছিল, তা খতিয়ে দেখছেন মেট্রো কর্তৃপক্ষ। এর জেরে ১৫ মিনিট বিঘ্নিত হয় মেট্রো পরিষেবা।
মেট্রোর এক আধিকারিক বলেন, “কবি সুভাষগামী একটি রেকের তলা থেকে মেট্রোকর্মীরাই রবীন্দ্রসদন স্টেশনে ধোঁয়া বেরোতে দেখেন। সুরক্ষার জন্য যাত্রীদের দ্রুত নামিয়ে দেওয়া হয়। ফাঁকা রেকটিকে নিয়ে যাওয়া হয় কারশেডে। মেট্রো চলাচল দ্রুত স্বাভাবিক হয়।” অতীতেও একাধিক বার কলকাতা মেট্রোর রেকে ধোঁয়া ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল।
