দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মধ্যরাতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। সেখানে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে সজোরে ধাক্কা মারল একটি গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু চালক-সহ দুই তরুণীর। গাড়িতে থাকা আরও পাঁচ জন গুরুতর জখম। যাঁদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পাঁচ জনকেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার গভীর রাতে খড়দহের রুইয়া ৫৬ নম্বর বাসস্ট্যান্ডের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।
প্রতিদিনের মতই কাঁচরাপাড়ার একটি পানশালার বার ডান্সারদের বাড়ি পৌঁছে দিতে রবিবার রাতে বেড়িয়েছিল একটি গাড়ি। গাড়িতে চালক ছাড়াও ছিলেন আরও সাতজন। সকলেই পানশালার বার ডান্সার।
জানা গিয়েছে, মৃত গাড়ির চালক নীতেশ সাউয়ের (২৪) বাড়ি ঘোলা পূর্বাঞ্চলে। মৃত দুই বার ডান্সার মায়া (২৮) এবং অবন্তিকার (২১) বাড়ি পাঞ্জাবের জলন্ধরে। বাকি পাঁচ তরুণী যাঁরা গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি, তাঁরাও পাঞ্জাবের বাসিন্দা।
কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজে সাদা বালি ভর্তি একটি ডাম্পার রাতে গাড়ি খালি করে রাস্তার পাশেই দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শীদের কথায়, সেই সময় গাড়িটি প্রচণ্ড গতিতে এসে ডাম্পারের পিছনে ধাক্কা মারে। মনে করা হচ্ছে দুর্ঘটনার মুহূর্তে গাড়ির গতিবেগ ঘণ্টায় ৮০ কিমি ছিল। গাড়িটি এত জোরে ধাক্কা মারে, যে সামনের দু'টি এয়ারব্যাগ খুললেও তা ফেটে যায়। যে জন্যে চালক ও চালকের পাশের সিটে বসা যাত্রীর কেউই রক্ষা পাননি। পুলিশ মনে করছে, শীতের রাতে কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়া, জোরে গাড়ি চালানো এবং চালকের অন্যমনস্কতার জন্যেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করছে। স্থানীয়রা বলছেন, রাস্তার কাজ হওয়ায় এখন এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড ধুলো, তাতেও দৃশ্যমানতা কমছে। রাত সাড়ে তিনটের সময় ঘটনাটি ঘটে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।