
কলকাতা, ১০ এপ্রিল : এবার দুর্নীতি প্রসঙ্গে মুখ খুললেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, ‘আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারলে আত্মাহুতি দেব।’
সোমবার কেওড়াতলা মহাশ্মশানে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনের জন্মদিবসে শ্রদ্ধা জানাতে এসেছিলেন মেয়র। সেখানেই কলকাতা পুরসভার বিরুদ্ধে নানা বেনিয়ম নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। জবাবে ফিরহাদ বলেন, ‘বিরোধীরা অনেক কিছু বলে। আমি সেসবে গুরুত্ব দিই না। আমার বিরুদ্ধে যদি কেউ দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে আত্মাহুতি দেব। কোনও ইডি-সিবিআই লাগবে না।’ পাশাপাশি পার্কিং নিয়ে বড় ঘোষণা করেন ফিরহাদ। তিনি জানান, এবার থেকে পার্কিংয়ের ক্ষেত্রে আর ফিজিক্যাল টেন্ডার হবে না। ই-টেন্ডার পদ্ধতিতে কাজ হবে। কারণ ফিজিক্যাল টেন্ডারের ক্ষেত্রে একাধিক অভিযোগ আসে।
